সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৮ কোটি ৬৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের বৈঠকে মামলার প্রস্তাবটি অনুমোদন করা হয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধান বলছে, ‘ড. শফিক আহমেদের নামে মোট ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২৯০ টাকার সম্পদ শনাক্ত করা হয়েছে। এর সঙ্গে পরিবার ও ব্যক্তিগত খাতে ব্যয় পাওয়া গেছে আরো ২ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৩৫২ টাকা। সবমিলিয়ে সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়ায় ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৪২ টাকা। অন্যদিকে তার বৈধ আয়ের হিসাব মিলেছে ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। ফলে অনুসন্ধানে উঠে এসেছে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।
দুদকের প্রাথমিক মূল্যায়নে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ মিলেছে। এসব অভিযোগে দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।